ইতিহাসে প্রথমবার: ভারত থেকে ট্রেনে করে আসছে শুকনা মরিচ

ইতিহাসে প্রথামবারের মতো ট্রেনে করে শুকনা মরিচ পাঠাচ্ছে ভারত। বিশেষ পার্সেল ট্রেনে করে এই মরিচ পাঠানো হবে বলে শুক্রবার জানান ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযুশ গয়াল।

প্রায় ৩৮৪ টন শুকনা মরিচ ভারত বাংলাদেশে পাঠাবে বলে জানা গেছে। ১৬টি পার্সেল ভ্যান নিয়ে বিশেষ ট্রেন ইতিমধ্যে বাংলাদেশের বেনাপোলের উদ্দেশে যাত্রা করেছে।  

অন্ধ্র প্রদেশ এই শুকনা মরিচ বাংলাদেশ পাঠানো হবে জানিয়ে এক টুইটে পিযুশ গয়াল বলেন,‘জাতীয় সীমান্তের বাইরে রপ্তানি বাড়াতে প্রথমবারের মতো বিশেষ পার্সেল ট্রেনে করে বাংলাদেশে শুকনা মরিচ পাঠানো হচ্ছে।’

ট্রেনে প্রতি টন শুকনা মরিচ পরিবহনে খরচ হবে ৪৬০৮ রুপি, সড়ক পথে যে খরচ ছিল ৭০০০ রুপি।  

ভারতীয় সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অন্ধ্রপ্রদেশের গুন্তুর জেলা ও এর আশেপাশের এলাকাগুলো থেকে এর আগে বাংলাদেশে ট্রাকে করে মরিচ পাঠানো হতো তবে এবারই প্রথম এখান থেকে ট্রেনে করে বেনাপোল সীমান্ত পর্যন্ত মরিচ পাঠানো হবে।