করোনায় ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের ঋণ প্রদানে সমঝোতা

করোনা (কভিড-১৯) পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মী পুনর্বাসনে ঋণ প্রদান বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

রবিবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক অনুযায়ী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ব্যাংককে ২০০ কোটি টাকা বিনা সুদে ঋণ হিসেবে প্রদান করবে এবং ব্যাংক উক্ত তহবিল থেকে ৪% সরল সুদে গ্রাহকদের বিনিয়োগ ঋণ প্রদান করবে। বৈধভাবে বিদেশে গমনকারী কর্মী বা বিদেশ থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণ করেছেন এমন কর্মী এবং করোনায় মৃত কর্মীদের পরিবার এই ঋণ পাওয়ার জন্য উপযুক্ত বিবেচিত হবেন। এই ঋণ প্রদান ও ব্যবস্থাপনা কার্যক্রম এ বিষয়ে প্রণীত নীতিমালা অনুযায়ী সম্পাদিত হবে। দ্রুত, দক্ষ ও স্বচ্ছ ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন অংশীজনকে সংযুক্ত করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীদের টেকসই পুনর্বাসনের লক্ষ্যে স্বল্প ও সরল সুদে এই ঋণের ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ৫০০ কোটি টাকা দিয়ে আরও ব্যাপক পুনর্বাসন কর্মসূচী হাতে নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, করোনা ভাইরাসের মহামারির এই সময়ে এই ঋণ দান কর্মসূচী ক্ষতিগ্রস্ত প্রবাসীদের আশার আলো দেখাবে। সুদের পরিমাণ অত্যন্ত সহনশীল উল্লেখ করে তিনি বলেন, এই ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি মন্ত্রণালয়ও এই ঋণ দান কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবে।

প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষে স্বাক্ষর করেন মহাপরিচালক মো. হামিদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন নাহার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামসুল আলম, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বাদল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুল আলম, এনডিসি।