ধোনির রুমমেট থাকার দিনগুলোর গল্প বললেন গম্ভীর

ভারতের সাবেক ওপেনার ও বর্তমান বিজেপির সাংসদ গৌতম গম্ভীর খেলোয়াড়ি জীবনের পুরোনো স্মৃতি রোমন্থন করলেন। তার সেই গল্পে উঠে এল মাঠের বাইরের মহেন্দ্র সিং ধোনির কিছু দিকও।

সম্প্রতি স্টার স্পোর্টসের ক্রিকেট কানেকটেড অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গম্ভীর। সেখানেই শেয়ার করেন জাতীয় দলে থাকাকালীন ধোনির রুমমেট হিসেবে তার মজাদার একটা অভিজ্ঞতার কথা। ধোনির সঙ্গে এক রুমে থাকার সময় তাকে মেঝেতে শুয়ে রাত কাটাতে হয়েছিল! অবশ্য ধোনিও মেঝেতেই শুয়েছিলেন।

গম্ভীর বলেন, ‘রুমমেট হিসেবে ধোনির সঙ্গে একমাসেরও বেশি সময় একই ঘরে কাটিয়েছি। তখন ওর লম্বা চুল ছিল। ওর চুল নিয়ে অনেক আলোচনা হয়েছে। কীভাবে ও চুলের যত্ন নেয়, সে বিষয়েও আমি জানতে চেয়েছিলাম।’

গম্ভীর আরো বলেন, ‘আমার মনে আছে, একবার আমাদের ঘরের মেঝেতে শুতে হয়েছিল। আমাদের রুমটা তখন নিতান্তই ছোট ছিল। প্রথম সপ্তাহটা ভেবেই কেটে যায় কীভাবে ঘরটাকে বড় করে নেওয়া যায়। পরে আমরা ঘর থেকে খাটটা বের করে দিয়ে ঘরটাকে বড় করে নিই এবং দুজনেই মেঝেতে ম্যাট্রেস বিছিয়ে নিই ঘুমানোর জন্য। দারুণ সময় ছিল সেটা।’

গম্ভীর জানান, একসঙ্গে খেলে বেড়ানো এক বিষয়। তবে যখন এক মাসেরও বেশি সময় একই ঘরে কাটানো যায় কারো সঙ্গে, তখন তাকে ভালোভাবে চেনার সুযোগ হয়।