করোনাভাইরাস মহামারীর ব্যাপক বিস্তারের মধ্যেও এতদিন জনসম্মুখে মাস্ক না পরলেও একটি সামরিক চিকিৎসাকেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রথমবারের মতো এই স্বাস্থ্যগত নির্দেশনা মেনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে আহত সৈন্য ও যুদ্ধক্ষেত্রের স্বাস্থ্যসেবা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে মাস্ক ব্যবহার করেছেন ট্রাম্প। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে মহামারীর আকার নিলেও এর আগে জনসম্মুখে একবারও মাস্ক পরে হাজির হননি এ প্রেসিডেন্ট। রয়টার্স জানায়, এর আগে জনসম্মুখে মাস্ক পরতে রাজি হননি ট্রাম্প, এটি ব্যক্তিগত পছন্দের বিষয় বলে দাবি করেছিলেন। তবে ভিড়ের মধ্যে অন্যদের সঙ্গে দূরত্ব বজায় রাখা না গেলে তখন মাস্ক ব্যবহার করতে পারেন বলে জানিয়েছিলেন।