করোনা: দ.কোরিয়ায় তিনজনের একজন রোগীর রেমডিসিভিরে উন্নতি

শুরুতে রেমডিসিভিরের কার্যকারিতা নিয়ে নানা বিতর্ক দেখা দিলেও একে একে অনেক দেশ করোনা চিকিৎসায় ওষুধটি ব্যবহারের অনুমোদন দেয়। 

এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় কভিড-১৯ রোগীদের মধ্যে আশানুরূপ ফল দিয়েছে রেমডিসিভির। আক্রান্তদের প্রতি তিনজনের মধ্যে একজনের শরীরে ওষুধটির কার্যকারিতা দেখা যাচ্ছে।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।  

ইবোলা প্রতিরোধের জন্য এই ওষুধ তৈরি করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিটিক্যাল কোম্পানি গিলিয়াড সায়েন্সেস। 

তবে ইবোলা চিকিৎসায় আফ্রিকাতে এই ওষুধ সফলতা দেখাতে ব্যর্থ হয়। এরপর করোনা চিকিৎসায় এই ওষুধটির কার্যকারিতা পরীক্ষা করে দেখে গিলিয়াড। 

গবেষণায় তারা দাবি করে, কভিড-১৯  রোগীদের জন্য ওষুধটি বেশ কার্যকরী বলে দাবি করে। এরপর যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশ করোনা  চিকিৎসায় রেমডিসিভিরের অনুমোদন দেয়। 


শনিবার দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানায়, একাধিক হাসপাতালে ২৭ জনের একটা গ্রুপকে রেমডিসিভির দেয়া হয়েছিল।

তাদের মধ্যে ৯ জনের দেহে ওষুধটির কার্যকারিতা দেখা গেছে। তারা উন্নতি করছেন। তবে ১৫ জন কভিড-১৯ রোগীর অবস্থার কোনো পরিবর্তন হয়নি এবং বাকি তিনজনের অবস্থা খারাপ।

কেসিডিসির ডেপুটি ডিরেক্টর কওন জুন-উক জানান, রেমডিসিভিরের কার্যকারিতা নিয়ে আরও গবেষণার দরকার আছে। এ ছাড়া এই ফলাফল এখনো নিয়ন্ত্রক সংস্থার ফলাফলের সঙ্গে তুলনা করে দেখা হয়নি।