আনোয়ারায় হাতকড়া পরা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় হাতকড়া পরা অবস্থায় অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর শঙ্খনদের বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, রবিবার রাত ১০টার দিকে বরুমচড়া এলাকায় শঙ্খনদে লাশ ভাসতে দেখার খবর পায় পুলিশ। লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই লাশের শরীরে ছেঁড়া একটি শার্ট পরা ছিল।

তাছাড়া ডান হাতে হাতকড়ার একটি অংশ পরা আছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ১০/১২ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।