ইংল্যান্ড সফরে কোনো ম্যাচ জিততে পারবে পাকিস্তান? ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের জয় পাকিস্তান দলকে আশাবাদী করতেই পারে। এই সিরিজ শেষ হলে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
এরই মধ্যে বাবর আজমরা ইংল্যান্ডে অবস্থান করছেন। তবে এই সফরে পাকিস্তান একটি ম্যাচও জিতলে সেটা ‘মিরাকল’ ঘটনা হবে বলে মনে করেন দেশটির সাবেক স্পিনার সাইদ আজমল।
৪২ বছর বয়সী আজমলের এটা মনে হওয়ার কারণ পাকিস্তান দলটা একটু বেশিই তারুণ্য নির্ভর। একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘পাকিস্তান দল তরুণদের নিয়ে গঠিত। ইংল্যান্ড সিরিজ তাদের জন্য কঠিন হবে। পাকিস্তানের পক্ষে সিরিজ জেতা সম্ভব বলে মনে হয় না। এমনকি এটা মিরাকল হবে যদি পাকিস্তান একটা ম্যাচও সেখানে জেতে। একজন পাকিস্তানি হিসেবে আমার প্রার্থনা জাতীয় দল সিরিজে ভালো করুক।’
৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর হবে দুই দলের সিরিজ। ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৫ আগস্ট থেকে। পরের দুই টেস্ট সাউদাম্পটনের রোজ বোলে। ২৮ আগস্ট শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো টি-টোয়েন্টি হবে এক ভেন্যুতেই। ওল্ড ট্র্যাফোর্ডে হবে ম্যাচগুলো।