জামালপুরে বরযাত্রীবাহী নৌকাডুবিতে কিশোরী নিহত

জামালপুরের ইসলামপুরে বরযাত্রীবাহী নৌকা ডুবে ১ কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও একজন।

সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রাম থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ইসলামপুর উপজেলার বামনা গ্রামে  বরযাত্রী নিয়ে ফেরার পথে যমুনার শাখা নদীতে বলিয়াদহ ডেবরাইপেচ ব্রিজের গার্ডারের সাথে ধাক্কা লেখে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ জন নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা রাত সাড়ে ৯ টার দিকে বিদ্যুৎ আক্তার নামে ১৬ বছর বয়সী এক কিশোরীকে মৃত অবস্থায় ও ২ জনকে অহত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আলফি নামে ১০ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। পরে মজনু (৫৭) ও মাহফুজ (১৬) নামে আহত ওই দুই জনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত বিদ্যুৎ পূর্ব বামনা গ্রামের ফলটু মিয়ার মেয়ে ও নিখোঁজ আলফি একই গ্রামের আব্দুল মিয়ার মেয়ে। 

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ওই দুইজন আশংকামুক্ত রয়েছে।