পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলন : বাম জোট

লোকসানের অজুহাতে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করা না হলে বৃহৎ আন্দোলনের হুমকি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল সোমবার প্রেস ক্লাব থেকে ডেমরা লতিফ বাওয়ানী জুট মিল পর্যন্ত পদযাত্রা শুরুর আগে সমাবেশে জোটের নেতারা এ হুমকি দেন। তারা বলেন, ‘পাট খাতের লোকসানে দায়ী সরকারের দুর্নীতি, লুটপাট, ভুলনীতি এবং মাথাভারী ও অদক্ষ প্রশাসন। এ দায় শ্রমিকরা কোনোভাবেই নেবে না।’

সিপিবির উপদেষ্টা কমরেড শহীদুল্লাহ চৌধুরী বলেন, ‘বিশ্বে এখন পাট ও পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে। এমন সময় পাটকল বন্ধ জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। এ সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনা ও অঙ্গীকারের সঙ্গেও বিশ্বাসঘাতকতার শামিল।’

বাম জোটের সমন্বয়ক ও বাসদ নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ অবিলম্বে গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করে পাটকল আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু রাখার দাবি জানান। অন্যথায় পাটকল শ্রমিক, চাষি ও জনগণকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।