দিনাজপুরের কোতোয়ালি থানা ঘেরাও ও ভাঙচুরের মামলার তিন আসামি গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।
তারা হলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চমান সহকারী মো. শাওন ও দিনাজপুর সরকারি কলেজে মাস্টারোলে চাকরি করা রায়হান হান্নান দ্বীপ এবং শহরের সুইহারি এলাকার রাজা নামের এক ব্যক্তি।
দুপুরে দিনাজপুর জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে আত্মসমর্পণ করলে আদালত ওই তিন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে গত ১১ জুন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমাম আবু জাফর রজব ও দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হলে দলীয় নেতাকর্মী ও ছাত্রলীগ নেতাদের একাংশ তাদের মুক্তির দাবিতে কোতোয়ালি থানা ঘেরাও ও ভাঙচুরের চেষ্টা চালায়। এতে ১৪ পুলিশ সদস্য আহত হলে পুলিশ বাদী হয়ে ওইদিন রাতেই ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনের বিরুদ্ধে মামলা করে।