করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিন জামান।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, ‘আইরিন জামানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।’
ডা. আইরিন জামান কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের হিসাব অনুযায়ী, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সোমবার সকাল নাগাদ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৯১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনের।
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।