চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজারে চোর সন্দেহে অহিদুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বাগানবাজার ইউনিয়নের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার ভোর ৫টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার বলেন, ‘১৪ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে গজারিয়া এলাকার জৈনক নুর মোহাম্মদের বাড়িতে ৪/৫ জন লোক চুরি করতে যায়। বাড়ি থেকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার সময় বাকিরা পালিয়ে গেলেও অহিদ নামের একজনকে আটক করে মারধর করে স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নিহত অহিদ বাগানবাজার ইউনিয়নের লালমাই এলাকার মৃত আজগর আলীর ছেলে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।