ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একজন করোনায় আক্রান্ত

করোনাভাইরাস মহামারির মধ্যে খেলা শুরুর পর ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ টেস্ট রাউন্ডে আরও একজনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে বিবিসি।

তবে কভিড-১৯ এ আক্রান্ত নতুন একজন খেলোয়াড়, কোচ নাকি কর্মকর্তা এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। রিপোর্ট পজিটিভ আসার পর তাকে বাধ্যতামূলক সাত দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

খবরে বলা হয়, ৬-১২ জুলাই করোনা টেস্টের তেরোতম রাউন্ড পরিচালিত হয়। এর মধ্যে একজনের শরীরেই সংক্রমণ ধরা পরে। এই রাউন্ডে স্টাফ ও খেলোয়াড় মিলিয়ে ২ হাজার ৭১জনের করোনা পরীক্ষা হয়েছে।

করোনার কারণে ১০০ দিন বন্ধ থাকার পরই মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ। একপর্যায়ে লিগ শুরু করা নিয়েই সংশয় ছিল। এরই মধ্যে লিগ শিরোপার দফারফা হয়েছে। ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা ঘরে তুলেছে লিভারপুল।