সাহেদের দেশত্যাগ রুখতে হিলি সীমান্তে নজরদারি বৃদ্ধি

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কেলেঙ্কারির মূল হোতা রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ যেন দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে হিলি সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোষ্টে নজরদারি বাড়ানো হয়েছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো দেশ রূপান্তরকে জানান, করোনার কারণে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট বন্ধ রয়েছে, যার কারণে এই পথ দিয়ে কোন লোকজন যাতায়াত করতে পারবে না এটি নিশ্চিত। এছাড়াও হিলি সীমান্তে আমাদের নজরদারি রয়েছে, যার কারণে এই পথ দিয়ে অবৈধপথে কোন মানুষ পারাপার হতে পারবে না যা আমাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 

এদিকে সাহেদের বিরুদ্ধে মামলা থাকায় সে যেন এই পথ ব্যাবহার করে ভারতে যেতে না পারে সে বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা পাঠিয়েছে বলে জানিয়েছে। সে মোতাবেক সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে করোনার কারণে এই পথ দিয়ে পাসপোর্টধারী যাত্রিদের যাতায়াত বন্ধ রয়েছে বলেও জানানো হয়েছে।