একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাতক্ষীরার আব্দুল্লাহ হেল বাকী মারা গেছেন। জামিনে থাকা ১০০ বছরের বেশি বয়সী আসামি বাকী বার্ধক্যজনিত কারণে গত সোমবার রাত পৌনে ১০টায় পুরান ঢাকার লালবাগ এলাকায় ভাড়া বাসায় মারা যান। তার আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান গতকাল দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আব্দুল্লাহ হেল বাকী শর্তসাপেক্ষে জামিনে ছিলেন। মামলার নথিপত্র অনুযায়ী তার বয়স ১০৬ বছর। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের মধ্যে বাকীই সবচেয়ে বেশি বয়সী আসামি ছিলেন।
একাত্তরে সাতক্ষীরা এলাকায় গণহত্যা, হত্যা, ধর্ষণের মতো অভিযোগে ২০১৮ সালের ৫ মার্চ বাকীসহ চার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য আসামিরা হলেন- সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক ম-ল ওরফে জল্লাদ খালেক, খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলাম টেক্কা খান। শেষোক্ত দুই আসামি এখনো পলাতক। খালেক ম-ল গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। চারজনের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়। এর মধ্যে ৬ জনকে হত্যা, ২ জনকে ধর্ষণ ও ১৪ জনকে শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। মামলাটি আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বাকীসহ চার আসামির বিরুদ্ধে ২০১৫ সালের ৭ আগস্ট থেকে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর আগে ২০১৫ সালের ১৬ জুন খালেক ম-লকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি তদন্ত সংস্থা আসামিদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করার পর বাকীসহ অন্য আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ২০১৭ সালের ১৭ মার্চ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বুলারাটী গ্রামের বাড়ি থেকে আব্দুল্লাহ হেল বাকীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালে হাজির করে বার্ধক্যজনিত ও অসুস্থতার যুক্তি দেখিয়ে জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। শুনানি নিয়ে ঢাকায় থাকা ও মামলার নির্ধারিত দিনে হাজিরার শর্তে দুজন আইনজীবীর জিম্মায় বাকীকে জামিন দেয় ট্রাইব্যুনাল।