অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

সাভারে ব্যাটারিচালিত অটোরিকশার চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া, সিরাজগঞ্জে পিটিয়ে হত্যা করা এক তরুণের, নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ^াসরোধে হত্যা করা এক নারীর, কিশোরগঞ্জের ভৈরবে নদী থেকে ভাসমান তরুণের এবং কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

সাভার : মিন্টু শেখ (৩৫) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে গলাকেটে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক মিন্টু শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার পানপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে। তিনি সাভার পৌর এলাকার ছায়াবিথি মহল্লায় ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

সাভার মডেল থানার এসআই মাহবুবুল হক রনি জানান, ভোরে একদল দুর্বৃত্ত ওই অটোরিকশা চালকের গলায় ছুরিকাঘাত করে তার অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে ছিনতাইকারীরা অটোরিকশা রেখে পালিয়ে যায়।

সিরাজগঞ্জ : সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সাটিকাবাড়ি গ্রামে বাবু মিয়া (৩০) নামের এক তরুণকে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে। নিহত বাবু ওই গ্রামের ইজ্জত আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাবু গত সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল মঙ্গলবার সকালে পরিত্যক্ত একটি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার মুখম-ল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নারায়ণগঞ্জ : আড়াইহাজারে শিল্পী আক্তার (২৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সত্যভান্দী এলাকার মৃত সুমনের স্ত্রী। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় পুলিশ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে কেউ শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার জানিয়েছে, কয়েক বছর আগে শিল্পীর স্বামী সুমনকে তার কর্মস্থলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়।

ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবের নদী থেকে রানা মিয়া (৩২) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের কালীনদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রানা শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রের বরাতে পুলিশ জানায়, গত রোববার সকালে রানা প্রতিদিনের মতো ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

কক্সবাজার : টেকনাফে গুলিবিদ্ধ অজ্ঞাত তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স ২৫ থেকে ৩০ বছর হতে পারে।