পোষা কুকুরের কামড় খেয়ে হাসপাতালে রণবীর

করোনা সংকটের সময় এ কী বিপদ! চুপিসারে হাসপাতালে ছুটতে হলো রণবীর কাপুরকে। মুখের ক্ষত নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

হিন্দুস্তান টাইমস জানায়, অভিনেতাকে কামড়ে দিয়েছে তার পোষা কুকুরই!

এ কথা ভক্তদের অজানা নয় যে, রণবীর কুকুরপ্রেমী। লিওনেল ও নিদো নামের বিশালাকার কুকুর দুটিকে সন্তানের মতো দেখেন ‘বেশরম’ অভিনেতা। সারমেয় দুটি ইংলিশ ও ফ্রেঞ্চ ম্যাসটাফ প্রজাতির।

রণবীর এমনিতেই ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনা মোটেও পছন্দ করেন না। সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল অ্যাকাউন্টও নেই তার। তবে প্রেমিকা আলিয়া ভাটের সৌজন্যে মাঝে-মধ্যে দর্শন মেলে লিওনেল ও নিদোর।

জানা গেছে, দুই পোষ্যর ভালোবাসার আক্রমণ সাধারণ কোনো আঁচড় নয়, রীতিমতো রক্তারক্তি অবস্থা। তাই হাসপাতাল পর্যন্ত দৌড়াতে হলো। সাধারণত অভিনেতারা নিজেদের চেহারা নিয়ে চিন্তায় থাকেন, কারণ পেশার সঙ্গে জড়িয়ে আছে নাক-মুখ-চোখ। তাই করোনা সংকটের মধ্যেও হাসপাতালে যেতে ভুল করেননি।

বক্স অফিসে রণবীরের পরবর্তী ছবি হতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতেই প্রথমবার রূপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে রণবীর-আলিয়াকে। সঙ্গে থাকছেন অমিতাভ বচ্চনও। ক্যামিও রোল করেছেন শাহরুখ খান।