শর্ত অনুযায়ী ৫ হাজার গাড়ির নিবন্ধন করেছে উবার

বাংলাদেশে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দেওয়া শর্ত অনুযায়ী ৫ হাজারেরও বেশি গাড়ির নিবন্ধন করেছে অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং অপারেটর উবার। এছাড়া স্বাস্থ্য নিরাপত্তার জন্য ৫০ লাখ টাকার সুরক্ষা সামগ্রী চালকদের মাঝে বিতরণ করছে প্রতিষ্ঠানটি।

বুধবার উবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর উবার-পাঠাওসহ অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং সিস্টেম বন্ধ ঘোষণা করে সরকার। ঈদের পর অ্যাপস ভিত্তিক সেবা কার্যক্রম খোলার অনুমোদন দেয়া হয়। তবে বিআরটিএ শর্ত দেয় প্রত্যেকটি গাড়িকে আলাদা রাইড শেয়ারিংয়ের জন্য নিবন্ধন নিতে হবে।

এ বিষয়ে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করে চালকদের এনলিস্টমেন্ট প্রক্রিয়া সহজতর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের রাইড শেয়ারিং সার্ভিস করোনাকালের এই পরিবর্তিত পরিস্থিতিতে যাত্রী ও চালকরা সর্বোচ্চ মানের সুরক্ষা ও স্বাস্থ্যবিধি প্রদান করবে।