ম্যানচেস্টার ইউনাইডেট ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে অভাবী শিশুদের জন্য কাজ করার পুরস্কার হিসেবে সম্মানসূচক ‘ডক্টরেট ডিগ্রি’ দিতে যাচ্ছে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়।
বুধবার ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষও। সবচেয়ে কম বয়সে এই ডিগ্রি পাচ্ছেন ২২ বছর বয়সী ইংলিশ তারকা।
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সম্মাননা হিসেবে রাশফোর্ডের আগে এই ডিগ্রি পেয়েছিলেন কেবল স্যার অ্যালেক্স ফার্গুসন ও স্যার ববি চার্লটন।
গ্রীষ্মের ছুটিতে অসহায় স্কুল শিশুদের খাবার প্রকল্প বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছিল ব্রিটিশ সরকার। এমনিতেই করোনার ধাক্কা, তার মধ্যে এই সিদ্ধান্ত। যার প্রতিবাদে সরব হয়ে ওঠেন রাশফোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন শুরু করেন। অসহায় শিশুদের জন্য অর্থ সংগ্রহ করেছেন। এক পর্যায়ে সরকারও তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়।
অনন্য এই স্বীকৃতিতে দারুণ খুশি রাশফোর্ড, ‘আমার ও আমার পরিবারের জন্য অনেক গর্বের দিন আজ। আপনি যখন দেখবেন এই পুরস্কার আগে কে কে পেয়েছেন, সেটা দেখলে আপনার আরো সম্মানে মাথা নুয়ে আসবে।’
যোগ করে বলেন, ‘শিশু দারিদ্র্য নিরসনে আমাদের এখনও অনেক কাজ বাকি। কিন্তু নিজ শহরের কাছ থেকে এমন সম্মাননা পাওয়ার অর্থ হল আমি সঠিক পথেই আছি।’