মন্ত্রণালয়ে কাদের

মুখোশের আড়ালে থাকা অপরাধীরা ছাড় পাবে না

মুখোশের আড়ালে মুখ লুকিয়ে অপরাধীরা অপরাধ করে ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ।

তিনি বলেছেন, যারা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত তাদের সতর্ক হওয়া উচিত। মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক কোনো অপরাধী অপরাধ করে ছাড় পাবে না। সড়ক পরিবহন মন্ত্রী  বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট কঠোর। গতকাল বুধবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজির কর্মকর্তাদের গ্রেপ্তারে প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। পলায়নপর প্রতারককে গ্রেপ্তারের সফল অভিযানের জন্য র‌্যাবকে অভিনন্দন জানাই। বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। যারা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত তাদের সতর্ক হওয়া উচিত। মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক কোনো অপরাধী অপরাধ করে ছাড় পাবে না। শেষ পর্যন্ত ধরা পড়তেই হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। দুর্বৃত্তের কোনো দল নেই।

ওবায়দুল কাদের বলেন, বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে। ২০টি জেলায় বন্যা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে উত্তরাঞ্চল থেকে বন্যার পানি মধ্যাঞ্চলকে প্লাবিত করেছে। এই অবস্থায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বন্যাদুর্গত এলাকার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণের আওয়ামী লীগ সভাপতির নির্দেশনা বাস্তবায়নের জন্য দলীয় নেতাকর্মীদের প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।

ঈদুল আজহায় করোনা সংক্রমণের হার বেশি বলে বিশেষজ্ঞরা বলেছেন। কোরবানির হাটে স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করতে হবে। তা না হলে ক্ষণিকের অবহেলায় কিংবা শৈথিল্য ঈদের সর্বজনীন আনন্দ বিষাদে পরিণত করতে পারে। করোনাভাইরাস কারও প্রতি পক্ষপাত করে না। তাই আমাদের সবাইকে সর্বোচ্চ মাত্রায় সচেতন হতে হবে। আমরা কোনো প্রাণহানি চাই না। প্রতিটি মুহূর্ত বেদনাদায়ক। তাই সবাইকে মিলে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।