জোড়াতালির সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার

গাড়ি উঠলে সেতু দুলতে থাকে। মাঝেমধ্যে খুলে পড়ে নাট-বল্টু। অনেক জায়গায় পাটাতন ফুটো হয়ে গেছে। আবার অনেক স্থানে পাটাতন বেঁকে গেছে। এই হাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বরৈয়া আন্নর আলী সিকদার হাট সেতুর। এমন বেহাল অবস্থায়ও সেতুর ওপর দিয়ে শঙ্কা নিয়ে প্রতিদিন চলাচল করছে পথচারী ও যানবাহন।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, আন্নর আলী সিকদার হাট এলাকায় সাপমারা খালের ওপর ২০০৪ সালে ৩৫ মিটার দীর্ঘ বেইলি সেতু নির্মাণ করা হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে সেতুটি নড়বড়ে হয়ে পড়েছে। এটি দিয়ে চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সেতুর পাটাতনের ফুটো ঢাকতে জোড়াতালি দেওয়া হয়েছে। ভারী যানবাহন উঠলেই সেতুটি কাঁপতে থাকে। সেতুটি পার হওয়ার সময় চালকসহ যাত্রীরা আতঙ্কে থাকেন। তা ছাড়া সেতুটি সরু হওয়ায় একসঙ্গে একাধিক যানবাহনও চলতে পারে না। একটি গাড়ি সেতুতে উঠলে আরেকটি গাড়িকে অন্য প্রান্তে অপেক্ষায় থাকতে হয়। ঝুঁকি নিয়ে চলছে পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ ভারী যানবাহন।

স্থানীয়দের অভিযোগ, বছর দুয়েক ধরে শীত মৌসুমে  ইটভাটার অর্ধশতাধিক মাটিবাহী ট্রাক চলাচল করায় সেতুটি নড়বড়ে হয়ে পড়েছে।

বটতলী ইউনিয়নের চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী বলেন, সেতুর বেহাল অবস্থার কারণে অনেকে এখন দূরের সড়ক ব্যবহার করছেন।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, পুরনো হওয়ায় সেতুটি সংস্কার করেও ঝুঁকিমুক্ত করা যাবে না। ওই স্থানে একটি নতুন সেতু নির্মাণের জন্য প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে তা অনুমোদন হয়ে আসতে একটু সময় লাগবে।