ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন করায় দুই বেকারিকে ২০ হাজার টাকা সংরক্ষণ জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বুধবার দুপুরে উপজেলার খাড়েরা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খাড়েরা বাজারের সুগন্ধা বেকারিকে ১০ হাজার টাকা ও বি-বাড়িয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন দোকানিকে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান অভিযানে নেতৃত্ব দেন। এ ব্যাপারে মোহাম্মদ মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে খাড়েরা বাজারের সুগন্ধা বেকারি ও বি-বাড়িয়া বেকারিতে অভিযান চালানো হয়। ওই দুই বেকারিতে কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় বেকারি দুটিকে জরিমানা করা হয়।