করোনামুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিলেন কাশিফ

করোনামুক্ত হয়ে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টি।

কভিড-১৯ পজিটিভ হওয়ায় ৩৩ বছর বয়সী ক্রিকেটার দলের সঙ্গে প্রথম দুই ধাপে ইংল্যান্ডে যেতে পারেননি। দেশে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে দুইবার নেগেটিভ আসার পর তৃতীয় ধাপে ইংল্যান্ডে পা রাখেন।

কাশিফের সঙ্গে তৃতীয় ধাপে ইংল্যান্ডে যান ইমরান খান, হায়দার আলি ও স্টাফ মালাং আলি।

কিন্তু নিয়ম অনুযায়ী সে দেশে পা দিয়ে প্রথমেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনায় করোনা পরীক্ষা করাতে হয়। সেখানে কাশিফের রেজাল্ট পজিটিভ এসেছিল। এরপর থেকে আইসোলেশনে ছিলেন তিনি।

ইসিবির ব্যবস্থাপনায় পরে দুইবার কভিড-১৯ নেগেটিভ আসার পর দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি মিলে তার।

ইংল্যান্ড সফরে ৩টি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান দল। ৫ আগস্ট শুরু হবে সিরিজ।