ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে খালের পানিতে ডুবে সানজিদা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার খোলপটুয়া গ্রামের সাতঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদা ওই গ্রামের মানিক জোমাদ্দারের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মো. আবুল হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সানজিদা ঘরের পাশে খেলা করছিল। ঘরের পাশেই একটি ছোট্র খাল রয়েছে। খেলার সময় সবার অজান্তে ওই খালে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তার মা মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজির পর পাশের খালে মেয়েকে ভাসতে দেখে। এরপর সাথে সাথে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয় বলে শিশুটির বাবা মানিক জোমাদ্দার জানান।