করোনা টেস্ট করিয়ে ক্যাম্পে আসতে হবে ফুটবলারদের

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই সামনে রেখে আগস্টের প্রথম সপ্তাহে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ক্যাম্পের আগে দুইবার ফুটবলার কভিড-১৯ টেস্ট করানো হবে। প্রথম টেস্ট নিজেদের ব্যবস্থাপনাতেই করাতে হবে ফুটবলারদের। সেই রিপোর্ট নিয়ে ক্যাম্পে যোগ দেওয়ার পর ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ফের পরীক্ষা করানো হবে।

জাতীয় দলের ক্যাম্প ও প্রস্তুতির নানা বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার অনলাইন বৈঠকে বসেছিল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সেখানেই এ সিদ্ধান্ত হয়। আর এবার প্রথমবারের মতো ফুটবলারদের ক্যাম্প হবে কোনো রিসোর্টে। এ জন্য গাজীপুরের সারা রিসোর্টকে বেছে নিয়েছে ফেডারেশন।

সভা শেষে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘জাতীয় দলের ক্যাম্প গাজীপুরের সারা রিসোর্টে হবে। ক্যাম্পে রিপোর্টিং ডেট থাকবে ৭ আগস্ট থেকে। সব খেলোয়াড়কে ক্যাম্পে যোগ দেওয়ার আগে যার যার অবস্থান থেকে যে কোনো ভালো জায়গা থেকে কভিড টেস্ট করে আসতে হবে। ক্যাম্পে যোগ দেওয়ার পর আবারও মেডিকেল কমিটির তত্ত্বাবধানে কভিড টেস্ট করানো হবে।’

২১–২২ তারিখ পর্যন্ত হবে আইসোলেশন ক্যাম্প। তবে এই সময়ে ছোট ছোট গ্রুপ ভাগ হয়ে ফিটনেস ট্রেনিং ও হালকা অনুশীলন করতে পারবে ফুটবলাররা। প্রাথমিকভাবে ক্যাম্পে ডাকা হবে ৩০ জন খেলোয়াড়কে।

করোনার কারণে স্থগিত থাকা বাছাই পর্বে বাংলাদেশের বাকি আরো চার ম্যাচ। ৮ অক্টোবর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের নিজেদের মিশন শুরু করবে জেমি ডের দল। ১৩ অক্টোবর কাতারের বিপক্ষে ম্যাচটি হবে দোহায়। বাকি দুই ম্যাচ বাংলাদেশ খেলবে হোমে। ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ারা।

প্রথম চার ম্যাচে ১ ড্রয়ে বাংলাদেশের অর্জন মাত্র ১ পয়েন্ট। তবে ঘরের মাঠে তিন ম্যাচ থেকে অন্তত একটি জয় প্রত্যাশা করছে বাংলাদেশ দল।