নেত্রকোনায় নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নেত্রকোনা ও র‌্যাব-১৪ গত বুধবার রাতে সদর উপজেলার রাজেন্দ্রপুর বিসিক শিল্প এলাকায় সুয়েটার ফ্যাক্টরির আড়ালে নকল প্রসাধনী সামগ্রী তৈরির কারখানায় অভিযান চালিয়ে নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ প্রসাধন সামগ্রী জব্দ করেছে। এ সময় ওই কারখানার মালিককে আটক করা হয়।

এনএসআই-এর উপ-পরিচালক মো. তৌফিকুর রহমান ও র‌্যাব-১৪ এর অধিনায়ক এম শোভন খান এই অভিযানে নেতৃত্ব দেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনএসআই ও র‌্যাব বুধবার রাতে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর বিসিক শিল্প এলাকায় রহিমা সুয়েটার ফ্যাক্টরিতে অভিযান চালায়। সেখানে সুয়েটার ফ্যাক্টরির আড়ালে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধন সামগ্রী তৈরি করার যন্ত্রপাতিসহ বিপুল পরিমাণ মোড়ক ও প্রসাধন সামগ্রী জব্দ করা হয়। তৌফিকুর রহমান সাংবাদিকদের জানান, জেলা শহরের নাগড়া এলাকার বাসিন্দা নুরুর রহমান খান জাহিদ (৪২) সুয়েটার ফ্যাক্টরির আড়ালে প্রশাসনের চোখ এড়িয়ে দীর্ঘদিন যাবৎ সেখানে জেড অ্যান্ড এম কোম্পানি নামে নকল কারখানা পরিচালনা করে আসছিলেন।