চাঁদাবাজি বন্ধে এসপির আগাম সতর্কতা

দৌলতদিয়া ঘাটে ‘ভিআইপি’ সুবিধা পাবে পশুর ট্রাক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট দিয়ে ফেরি পার হয়ে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে যাওয়া পশুবাহী ট্রাক প্রথমবারের মতো এবার ‘ভিআইপি’ সুবিধা পাবে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত ট্রাকগুলোকে ঘাট এলাকায় অপেক্ষা করতে হবে না। সরাসরি ফেরিতে উঠে যাবে। ঘাটের দালালরা পশুবাহী ট্রাকে চাঁদাবাজির চেষ্টা করলেও তা কঠোরভাবে দমন করা হবে। রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের নিজের পেজে গত বুধবার একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানিয়েছেন।

দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। প্রতি ২৪ ঘণ্টায় এই রুটে গড়ে ছোট-বড় আট হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। ঈদের সময় যানবাহনের সংখ্যা আরও বৃদ্ধি পায়। বিশেষ করে কোরবানির (ঈদুল আজহা) সময় দক্ষিণাঞ্চলের ২১ জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক গরু ঢাকায় বিক্রির জন্য নিয়ে যান খামারি ও বেপারীরা। ফলে নিয়মিত বাস-ট্রাক ও অন্যান্য যানবাহনের সঙ্গে গরুবোঝাই ট্রাকের লম্বা লাইন তৈরি হয় ঘাট এলাকায়। দৌলতদিয়া ঘাটে চাঁদাবাজ-দালালদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান ফেইসবুকে লিখেছেন, ‘ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া ঘাটে আবারও ভিআইপি প্রথার প্রবর্তন করা হবে। তবে সেটা কোনো এসি বাসের জন্য নয়। শুধুমাত্র পশুবাহী ট্রাকের জন্য। ওই সব গাড়ি সরাসরি ফেরিতে উঠে পড়বে। সুতরাং দালালরা সাবধান।’