কুষ্টিয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৬ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১০ জনই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ব্যাংকটির শাখা লকডাউন করে দিয়েছেন জেলা প্রশাসক।
গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় শহরের এনএস রোডের থানা মোড়ে ব্যাংকটির কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ও লাল ফিতা বেঁধে লকডাউন ঘোষণা করেন কুষ্টিয়া সিভিল সার্জন ও জেলা প্রশাসনের যৌথ টিম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম জানান, গত সাত দিন ধরে লক্ষণ দেখা দেওয়ায় ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা কুষ্টিয়া মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা করালে ১০ জনের পজিটিভ আসে।
সিভিল সার্জন অফিস সূত্রমতে, ১৫ জুলাই পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজে ৭ হাজার ৭৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২০ জনের।