টাঙ্গাইলের মির্জাপুরে এক পুলিশ সদস্যসহ নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ৩৫১ জন করোনায় সংক্রমিত হলেন।
শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এক পুলিশ কনস্টেবল (৫৩), উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রামের একজন পুরুষ (৪৩), আনাইতারা ইউনিয়নের এক বৃদ্ধ (৫৮) ও মোহদীনগর গ্রামের এক পুরুষ (৩৭), গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের এক পুরুষ (৩৫) ও নাজিরপাড়ার পল্লিবিদ্যুতে কর্মরত একজন পুরুষ (৫০), জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের এক যুবক (২৯), পাকুল্যা গ্রামের একজন পুরুষ (৪৭) এবং একই গ্রামের এক বৃদ্ধা (৫৫) রয়েছেন।
মির্জাপুরে সব মিলিয়ে ৩৫১ জন করোনা রোগীর মধ্যে ছয়জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৯০ জন। বাকি ১৫৫ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, পুলিশ সদস্যদের তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হয়েছে। অন্য আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।