করোনার গল্প নিয়ে সিনেমায় প্রসেনজিৎ-জয়া

পরিচালক অতনু ঘোষের ‘রবিবার’ ছবিতে জুটি বেঁধে দর্শকের মন জয় করেছিলেন জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাদের আবার পর্দায় ফেরাচ্ছেন কলকাতার সংগীতকার তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেপরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।

স্থানীয় সংবাদ প্রতিদিন জানায়, নতুন এ ছবির নাম ‘অসতো মা সদগময়’। ইন্দ্রদীপের ভাবনাতেই করোনা মহামারীর পরিস্থিতি ফ্রেমে তুলে ধরবেন জয়া-প্রসেনজিৎ।

চিত্রনাট্য পরিচালকের নিজস্ব হলেও বিন্যাসের ভার পেয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবিতে মোট পাঁচটি চরিত্র। মানবজীবন কীভাবে করোনা আবহের কঠিন সময়ের সঙ্গে যুঝে চলেছে, সেই গল্পই ইন্দ্রদীপের হাত ধরে ফুটে উঠবে পর্দায়।

জয়া-প্রসেনজিৎ ছাড়াও অন্য দুই চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়। পাঁচ নম্বর চরিত্রের সন্ধান এখনো চলছে। ২০ জুলাই ছবির চিত্রনাট্য নিয়ে প্রসেনজিতের সঙ্গে আলোচনায় বসছেন ইন্দ্রদীপ।

প্রথম ছবি ‘কেদারা’ দিয়েই দর্শকদের মনে জায়গা করে নেওয়া এ পরিচালক বললেন, “করোনা পরিস্থিতি আমাদের মন-মানসিকতায় কতটা প্রভাব এবং কীভাবে জনজীবনের চারিত্রিক দিকগুলোও বদলে গেছে গত মাস খানেকের মধ্যে, সেই ভাবনাই ছবির মূল প্রতিপাদ্য বিষয়।”

সঙ্গে যোগ করেন, “তবে এটুকুই বলব, কভিড-১৯ এ ক্ষেত্রে সিনেমার প্রেক্ষাপট মাত্র! এই ছবি নিয়ে চিন্তা-ভাবনা করার সময়ে প্রথমটায় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা মাথায় আসেনি। তবে পরে শুধুমাত্র পাঁচটি চরিত্র নিয়েই গোটা গল্পটাকে দেখানোর কথা ভাবা হয়েছে। এক্ষেত্রে সুরক্ষা বিধি মেনে কাজ করতেও সুবিধা হবে।”

প্রসেনজিতের কথায়, ইন্দ্রদীপ যেভাবে সূক্ষ্ম বিষয়গুলো বড় ক্যানভাসে তুলে ধরে, সেটা ভীষণ পছন্দের। অন্যদিকে, লকডাউনে বাংলাদেশে থাকা জয়াও  চিত্রনাট্য শুনে বিন্দুমাত্র দেরি করেননি প্রস্তাবে সায় দিতে।

‘অসতো মা সদগময়’-এর সংগীত পরিচালনা করবেন ইন্দ্রদীপ নিজেই।