নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের লাখ লাখ কোটি টাকা বাজেটের ৯০ ভাগ নিজেদের অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। এর থেকে গর্ব আর জাতির কি হতে পারে’
তিনি বলেন, আজকে বাংলাশের যে বাজেট হয় তার ৯০ ভাগই নিজেদের অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। এক সময় দাতা দেশ বা দাতা গোষ্ঠীর দিকে তাকিয়ে থেকে আমাদের বাজেট ঘোষণা করতে হত। এর আগে দেখা যেত, ৩০ ভাগ নিজেদের অর্থায়ন আর ৭০ ভাগ দাতাদের অর্থায়ন কিংবা ২০ ভাগ নিজেদের অর্থায়ন আর ৮০ ভাগ দাতাদের অর্থায়নে বাজেট ঘোষণা করা হত।
শুক্রবার বেলা ১১টায় দিনাজপুরের বিরল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রীর ঐচ্ছিক তহবিল হতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের মাঝে অর্থ বিতরণ, এডিপির আওতায় বাইসাইকেল, কম্পিউটার, ফুটবল, হুইল চেয়ার ও প্রাণিসম্পদ কার্যালয়ের আওতাধীন খামারিদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক চ্যালেঞ্জ করেছিল এই পদ্মা সেতু হবে না এবং সেই সময় খালেদা জিয়া বলেছিল পদ্মা সেতু হবে না। কিন্তু সেই পদ্মা সেতুই আজকে দৃশ্যমান।’
নৌখাতে বিশ্বব্যাংক এখন নিজে থেকেই সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছেন উল্লেখ করে নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘কয়েকদিন আগেই আমার সাথে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর দেখা করতে এসেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, আমরা নৌখাতে অর্থায়ন করতে চাই, আপনি প্রকল্প দেন, অর্থের কোন অভাব হবে না! আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, আমাদের বাংলাদেশের অর্থ এখনো আছে। অতএব কোনো দাতা গোষ্ঠীর অর্থ আমাদের লাগবে না।’
তিনি বলেন, ‘এ কথা বলার পর প্রধানমন্ত্রী এখন পর্যন্ত চট্টগ্রামে ১৭ হাজার কোটি টাকার মাতারবাড়ী সমুদ্রবন্দর প্রকল্প অনুমোদন করেছেন। এছাড়াও আরও ৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছেন মঙ্গলা পোর্টের জন্য। আরও হাজার হাজার কোটি টাকার প্রকল্প প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আজকে বাংলাদেশ সেই সক্ষমতা অর্জন করেছে।’
এর আগে সকাল ১০টায় নৌপ্রতিমন্ত্রী বিরল উপজেলা কাঞ্চন নিউ মডেল ডিগ্রি কলেজের একটি চারতলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন ও বৃক্ষরোপন করেন।