২০১৬ সালের ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ প্রথমবার পর্দা ভাগাভাগি করেন টম হল্যান্ড ও সেবাস্টিয়ান স্টান, যথাক্রমে স্পাইডার-ম্যান ও বাকি চরিত্রে। বিশেষ করে মারপিটের দৃশ্যে বাকির ধাতব বাহু দেখে স্পাইডির প্রতিক্রিয়া মনে করে এখনো অনেকে হাসেন।
এই দুজন আবারও একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। মজার বিষয় হলো, সঙ্গে থাকছেন ডিসি কমিকসের হালের ‘ব্যাটম্যান’ রবার্ট প্যাটিনসন। তাদের দেখা যাবে নেটফ্লিক্সের ‘দ্য ডেভিল অল দ্য টাইম’ সিনেমায়। এখানে তারা সুপারহিরো নন, সাধারণ মানুষের ভূমিকায় অভিনয় করবেন।
সিনেমাটি ডোনাল্ড রে পলকের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধের মনোস্তাত্ত্বিক প্রভাব নিয়ে এর কাহিনি। এই তিন অভিনেতাকে দেখা যাবে যুদ্ধের দ্বারা ক্ষতিগ্রস্ত তরুণের ভূমিকায়।
এ ছবিতে আরও অভিনয় করেছেন বিল স্কারসগার্ড, জেসন ক্ল্যাক, হ্যালি বেনেট, হ্যারি মিলিংসহ অনেকে। পরিচালনা করেছেন অ্যান্টিনিও ক্যাম্পস। ‘দ্য ডেভিল অল দ্য টাইম’ মুক্তি পাবে সামনের ১৬ সেপ্টেম্বর।
বর্তমানে টম হল্যান্ডের হাতে আছে তিন সিনেমা— কেওয়াস ওয়াকিং, আনচার্টেড ও চেরি। সেবাস্টিয়ান স্টানকে দেখা যাবে ডিজনি প্লাসের ‘দ্য ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার’-এ। মার্ভেলের এই সিরিজে আরও আছেন অ্যান্থনি ম্যাকি। আর সামনে মুক্তি পাচ্ছে প্যাটিনসনের ‘টেনেট’, শুটিং ফ্লোরে আছে ‘ব্যাটম্যান’।