জানাজায় সালাম ফেরানো

প্রশ্ন : আমরা সাধারণত জানাজায় দুদিকে সালাম ফিরিয়ে থাকি। সেদিন একজন আলেমকে বলতে শুনলাম, এ পদ্ধতিটি ঠিক নয়। বরং সুন্নাহসম্মত পন্থা হচ্ছে জানাজায় একদিকে সালাম ফেরানো; নবী (সা.) এমনটি করেছেন। আমি জানতে চাচ্ছি, তার কথা কি ঠিক? আমরা কি জানাজায় এক দিকে সালাম ফেরাব?

উত্তর : জানাজায় ডানে-বামে উভয়দিকে সালাম ফেরানোর বিষয়টি হাদিস এবং সাহাবায়ে কিরাম ও তাবেয়িদের আমল দ্বারা প্রমাণিত।

প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, কয়েকটি কাজ এমন রয়েছে, যা নবী করিম (সা.) করতেন আর মানুষ তা ছেড়ে দিয়েছে। একটি হচ্ছে, জানাজায় সালাম অন্যান্য নামাজের সালামের অনুরূপ হওয়া। (আলমুজামুল কাবির, বর্ণনা : ১০০২২; হাইসামি [রহ.] বলেন, এই হাদিসের বর্ণনাকারীরা ছিকাহ [নির্ভরযোগ্য] মাজমাউজ জাওয়ায়েদ : ৪১৭১)

মুসলিম শরিফে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকেই এই বর্ণনা রয়েছে যে, ‘নবী করিম (সা.) নামাজে দুই সালাম ফেরাতেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ৫৮১)

শায়খ ইবরাহম আলহাজারি (রহ.) বলেন, ‘আবদুল্লাহ ইবনে আবি আওফা (রা.) তার মেয়ের জানাজায় ইমামতি করলেন। তিনি তাতে চার তাকবির বললেন... এরপর ডানে-বামে উভয়দিকে সালাম ফিরিয়ে বললেন, আমি রাসুল (সা.)-কে এভাবে জানাজা পড়াতে দেখেছি। (আসসুনানুল কুবরা, বাইহাকি : ৪/৪৩; হাকেম (রহ.) বলেন, হাদিসটি সহিহ, আল মুসতাদরাক, বর্ণনা নম্বর : ১৩৭০)

এ ছাড়া সাহাবি আবদুল্লাহ ইবনে আবি আওফা (রা.) তাবেয়ি জাবের ইবনে জায়েদ, ইবরাহিম নাখায়ি, আমের, আতা (রহ.) প্রমুখের আমলও অনুরূপ ছিল। (দেখুন কিতাবুল আসার, ২৩৪, মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৬৪৪৮; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ১১৬১৮, ১১৬২৩)

তাই জানাজায় দুদিকে সালাম ফেরানোর পদ্ধতি সুন্নাহসম্মত; এটিকে ভুল বলা অন্যায়। তবে হাদিসে যেহেতু জানাজায় এক সালামের কথাও এসেছে, তাই এ পদ্ধতিটিকেও ভুল বলা যাবে না। অবশ্য পূর্বোক্ত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর হাদিস ও অন্যান্য দলিলের ভিত্তিতে দুদিকে সালাম ফেরানোর আমলটিকে হানাফি ফিকাহবিদরা উত্তম বলেছেন। তবে উভয় আমলই যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, তাই এ নিয়ে তর্ক-বিতর্ক করা ঠিক নয়।

প্রশ্নটি করেছেন : জামাল ফোরকান, সদর, কিশোরগঞ্জ