দিনাজপুর শহরে চাতরাপাড়া এলাকায় খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
গতকাল শুক্রবার বেলা ১১টায় চাতরাপাড়ায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ওই এলাকার শতাধিক বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘চাতরাপাড়ার এই ঐতিহ্যবাহী মাঠ ১৪ বছর ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ভূমিদস্যুর দখলে আছে। ভূমিদস্যুদের কারণে মাঠটিতে এলাকার ছেলেমেয়েরা খেলতে পারে না। এর আগে এ মাঠেই বিভিন্ন জাতীয় দিবসে বড় বড় খেলার আয়োজন করা হতো। কিন্তু মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকায় মাঠে কেউ আর খেলতে পারে না।
মানববন্ধনে এলাকাবাসী আরও বলেন, মাঠটি দখল হওয়ার কারণে সেখানে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ হচ্ছে। মাঠ উদ্ধারের ব্যাপারে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা মাঠ উদ্ধারের ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন আল আমিন, সজিব হাসান, মজিবর রহমান, আইনুল হক প্রমুখ।