নদীতে গোসল করতে গিয়ে সেনা সদস্যের মৃত্যু

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কুলিক নদীতে গোসল করতে গিয়ে আশিক রানা (২৪) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে পৌর শহরের ভান্ডারা এলাকার কুলিক নদীতে ডুবে তার মৃত্যু হয়। তিনি দক্ষিণ শালবাড়ি গ্রামের সাবেক সেনা সদস্য গোলাম মোস্তফার ছেলে। তিনি ঢাকার সাভার সেনানীবাসে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ওই নদীতে দুপুর ১ টার দিকে ৬ বন্ধুর সাথে গোসল করতে যায় আশিক। তারা সবাই পানিতে নেমে গোসল করলেও ডুবে যায় সেনা সদস্য আশিক। খোঁজ করেও আশিকের সন্ধান না পেলে স্থানীয় দমকল বাহিনীকে খবর দেয় এলাকাবাসী। রানীশংকৈল উপজেলার ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে দুপুর ২টার দিকে ওই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করে।

রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্প্রতি এক মাসের ছুটি নিয়ে আশিক রানা গ্রামের বাড়িতে এসেছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়। গেল ২ বছর আগে সেনা বাহিনীতে যোগদান করেন তিনি। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।