কুড়িগ্রামে ফুলকুমার নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৩:৩২ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত দুই শিশু ইব্রাহীম আলী (৮) ও তাবাসসুম (৯) সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন বলে জানা গেছে।

ইব্রাহীম আলী ওই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইব্রাহীম আলী, তাবাসসুম ও প্রতিবেশী আল-আমিনের ছেলে মাহাবুর রহমান তিনজন মিলে বাড়ীর পাশের ফুলকুমার নদীতে জাল দিয়ে মাছ ধরতে গেলে খালে পড়ে যায়। এসময় আশেপাশের লোকজন টের পেয়ে মাহাবুর রহমানকে জীবিতি উদ্ধার করে। আধা ঘণ্টা পরে উদ্ধার হয় তাবাস্সুম। তৎক্ষনাত তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দ্বিতীয় শিশু উদ্ধারের আরও ঘণ্টা খানিক পরে উদ্ধার হয় ইব্রাহীম আলীর মরদেহ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত