সাভারে ৪র্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ভাড়াটিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা না নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভূক্তভোগী শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখানোরও অভিযোগ উঠেছে অভিযুক্ত আরমানের আত্মীয়-স্বজন ও স্থানীয়দের বিরুদ্ধে।
এখন পর্যন্ত বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত বুধবার বিকেলে সাভার পৌর এলাকার পশ্চিম ভাগলপুর মহল্লার বিল্লালের ভাড়া বাড়িতে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে।
ভূক্তভোগী শিশুটি পশ্চিম ভাগলপুর এলাকার বিল্লালের বাড়িতে বাবা-মায়ের সাথে ভাড়া থেকে স্থানীয় ব্র্যাক স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়াশুনা করে। অন্যদিকে, অভিযুক্ত লম্পট আরমান (৩২) স্ত্রী সন্তান নিয়ে ওই বাড়ির অন্য একটি কক্ষে ভাড়া থেকে স্যানিটারী কাজ করতো বলে জানিয়েছে স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাড়ির এক ভাড়াটিয়া অভিযোগ করেন, লম্পট আরমান এ নিয়ে ওই বাড়িতে ৪র্থ বারের মতো ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটায়। এর আগেও একই বাড়িতে অন্য একটি মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে বিষয়টি স্থানীয়দের সহায়তায় টাকা দিয়ে ধামাচাপা দেয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় সে বারবার একই ঘটনা ঘটিয়ে চলেছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ না করায় বিষয়টি আমার জানা নাই। তবে কেউ লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।