নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরিফুর ইসলাম চৌধুরী অরুণ (৫৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বড়দিয়া শেখ ফজিলাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ছাড়া তার স্ত্রী একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা চৌধুরীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।
শিক্ষক আরিফুর ইসলামের শ্যালক হাসনাত চৌধুরী জানান, আরিফুর ইসলাম ৪-৫ দিন আগে অসুস্থ হলে তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে নমুনা পরীক্ষা করা হলে গত শুক্রবার বিকেলে রিপোর্ট পজিটিভ আসে।
অপরদিকে কিশোরগঞ্জের ভৈরবের আগানগর দক্ষিণপাড়া গ্রামের স্বাধীন মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ীর করোনায় মৃত্যু হয়েছে। স্বাধীন ওই এলাকার মুতালিব হাজীর ছেলে। তিনি গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে মারা যান।