গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

গাজীপুরের পূবাইলে অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভুক্তভোগীর স্বজনদের ভাষ্য, গত শুক্রবার গভীর রাতে কুদাব এলাকার হোসেন উদ্দিন পালোয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় নগদ ১০ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয় ডাকাতরা। ডাকাতির কাজে বাধা দেওয়ায় ওই বাড়ির রাকিব পালোয়ান ও সজীব পালোয়ান নামে ব্যবসায়ী দুই ভাইকে ছুরিকাঘাতে আহত করা হয়।

আহতদের ভগ্নিপতি নজরুল ইসলাম খান বিকি দেশ রূপান্তরকে জানান, শুক্রবার রাত ৩টার দিকে ৮-১০ জনের একদল সশস্ত্র ডাকাত তালা কেটে ও কলাপসিবল গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে। এরপর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয় তারা। এ সময় ডাকাতির কাজে বাধা দেওয়ায় রাকিব ও সজীবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।