চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক বিক্রেতাকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিমচাল গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪০) ও একই এলাকার মৃত বাবু মিয়ার ছেলে আবদুল নুর (৪০)। গ্রেপ্তার দুইজনই দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন বলে জনশ্রুতি রয়েছে।
আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম জানান,গোপন সংবাদের ভিত্তিতে ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার দুইজনকে মাদক আইনের মামলায় রবিবার আদালতে হাজির করা হয়। এরপর বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।