করোনায় আইনভঙ্গের অভিযোগে লক্ষাধিক গ্রেপ্তার জিম্বাবুয়েতে

করোনা মোকাবিলায় আরোপ করা বিধিনিষেধ ভঙ্গ করায় এক লাখ ৫ হাজার লোককে গ্রেপ্তার করেছে জিম্বাবুয়ে কর্তৃপক্ষ।

দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জিম্বাবুয়ে পুলিশ জানায়, গত মার্চ থেকে করোনা মোকাবিলায় বিভিন্ন বিধিনিষেধ ভঙ্গ করায় এক লাখ ৫ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে গত দুই দিনেই গ্রেপ্তার করা হয়েছে প্রায় এক হাজার লোককে। তাদের বিরুদ্ধে 'অপ্রয়োজনীয় চলাফেরা' বা মাস্ক না পরার অভিযোগ এনেছে পুলিশ।

তবে সমালোচকদের অভিযোগ, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে সরকার বিরোধী দলকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের কর্মী-সংগঠকদের গ্রেপ্তার করছে। 

যদি এই অভিযোগ নাকচ করে দিয়েছে জিম্বাবুয়ে সরকার।

এদিকে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে প্রেসিডেন্ট এমারসন এমনানগাগোয়ার পদত্যাগের দাবিতে ৩১ জুলাই দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দল ও নাগরিক সমাজ। 

এখন পর্যন্ত করোনায় জিম্বাবুয়েতে ১ হাজার ৪৭৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৫ জন।