নাটোরে করোনা উপসর্গ থাকায় চিকিৎসা না পেয়ে আব্বাস আলী গাজী (৭৮) মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। রবিবার দুপুরে চিকিৎসা না পেয়ে তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযোদ্ধা আব্বাস আলী গাজী নাটোর সদর উপজেলার আগদিঘা কাটাখালি গ্রামের বাসিন্দা।
মুক্তিযোদ্ধার ছেলে অভিযোগ করে বলেন, গেল দুই বছর থেকে বাবা শ্বাসকষ্টে ভুগছিলেন। রাতে শ্বাসকষ্ট বেশি হলে তাকে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা আমার বাবাকে ভর্তি করেননি। পরে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে এলে প্রাথমিক পর্যায় কিছু পরীক্ষা করানো হয়। এরপর বাবাকে আবার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি বলেন, সেখানে নিয়ে গেলে ডাক্তার ভর্তি না নেয়ায় আবার ওই ক্লিনিকে এলে বাবা মারা যান।
মৃতের নাতি অভিযোগ করে বলেন, আমার নানা একজন মুক্তিযোদ্ধা। বিনা চিকিৎসায় নানার মৃত্যু মেনে নিতে পারছি না।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। তিনি কোনো অনিয়ম হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাৎক্ষণিক সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন ।
নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, এটা দুঃখজনক ঘটনা। আমি জানার পরে এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছি। কোনো অবহেলা থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।