মাদারীপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মাদারীপুরের রাজৈরে উজ্জ্বল শেখ (৪৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশে বলছে, উজ্জ্বল ডাকাত দলের সদস্য ছিল। ডাকাতির সময় অন্তর্কোন্দলের জেরে গোলাগুলিতে সে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার সকালে হাসানকান্দি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। উজ্জ্বল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহিষতলী গ্রামের আমির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকাল ৮টার দিকে হাসানকান্দি এলাকার একটি পুকুরপাড়ে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে ওই যুবকের নাম-পরিচয় জানতে পারে পুলিশ। তার নামে মাদারীপুর ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ডাকাতি ও অস্ত্র আইনে সাতটি মামলা রয়েছে। রাজৈর থানায়ও দুটি ডাকাতির মামলা আছে। 

রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনা তদন্তেমাঠে নেমেছে পুলিশ।