মহিপুর থানার ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

পটুয়াখালীর মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামানকে ১৫ হাজার টাকা না দেওয়ায় নির্যাতনের শিকার ভূক্তভোগী এক নারীর মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ডালবুগঞ্জ গ্রামের মাছুমা বেগম।

সোমবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ডালবুগঞ্জ গ্রামের নাজেম আলী সিকদারের স্ত্রী মাছুমা বেগম (৩০) বলেন, ’জমিজায়গা সংক্রান্ত বিরোধের জেরে একই ইউনিয়নের পেয়ারপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আবু জাফর ওরফে শিবলু গাজী (৪০) তার জমিতে খুঁটি বসাতে শুরু করলে তিনি বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে শিবলু কাঠের খাটিয়া দিয়ে মাথা লক্ষ্য করে আঘাত করলে তিনি দুই হাত দিয়া ফেরানোর চেষ্টা করেন। এ সময় তার ডান হাতে গুরুতর জখম হয় ‘।

পরে প্রথমে কলাপাড়া ও পরবর্তীতে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তিনি আরও বলেন, ‘পরে কিছুটা সুস্থ হয়ে আমি আমার চিকিৎসা ব্যবস্থাপত্র, এক্সরে প্লেট নিয়ে মহিপুর থানায় অভিযোগ দিতে গেলে ওসি আমাকে আজ না কাল বলে ঘুরাতে থাকে। তার দাবীকৃত ১৫ হাজার টাকা না দেওয়ায় তিনি আমার মামলা নেয়নি।’

কলাপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে স্থানীয় গনমাধ্যম কর্মীরাসহ মাছুমার স্বামী, বাবা ও ছোট ভাই উপস্থিত ছিলেন।