মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন ছেড়ে লোকালয়ে চলে আসা একটি মায়াহরিণ শাবককে আশ্রয় দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা।
এলাকাবাসীর তাড়া খেয়ে মায়াহরিণটি শ্রীমঙ্গল ৪৬ বিজিবি সেক্টরে তারের বেষ্টনী ডিঙিয়ে ভেতরে ঢুকে পড়ে। এরপর বিজিবি সদস্যরা তাকে আশ্রয় দেন।
ঘটনাটি ঘটে সোমবার বেলা ১১টায়। শ্রীমঙ্গল ৪৬ বিজিবি সেক্টরের বিজিবির সদস্যরা আহত হরিণটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃর্পক্ষের কাছে হস্তান্তর করেন।
এলাকাবাসীর কাছে তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে গিয়ে আহতও হয় মায়াহরিণ শাবকটি।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, আমরা আহত হরিণটিকে সেবা-সুশ্রুষার সব উদ্যোগ নেব। এটি পুরুষ মায়াহরিণ, তবে প্রাপ্তবয়স্ক নয়।
তিনি বলেন, পুরোপুরি সুস্থ হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
শ্রীমঙ্গল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (প্রকৃতি ও বন্যপ্রানী সংরক্ষণ বিভাগ) মোনায়েম হোসেন বলেন, হরিণটির চিকিৎসা চলছে, সুস্থ হলে আমরা বনে অবমুক্ত করে দেব।
শ্রীমঙ্গলে ৪৬ বিজিবি ক্যাম্পের কয়েক কিলোমিটারের পাশেই রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং ক্যাম্পের সীমানায় চা বাগান। লাউয়াছড়া বনে মায়াহরিণের বসবাস। প্রায়ই চোরাশিকারিদের হাতে ধরা পড়ে হরিণ।