গোল্ডেন বুট জয় ও অ্যাসিস্টের নতুন রেকর্ড মেসির

স্প্যানিশ লা লিগায় এবার শিরোপা ঘরে তুলা হয়নি বার্সেলোনার। তবে দলটির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। এক ম্যাচ হাতে থাকতেই রিয়াল মাদ্রিদের কাছে লিগ শিরোপা খোয়াতে হয়েছিল কাতালানদের। তবে রবিবার লিগের শেষ রাউন্ডে দু-দুটি রেকর্ড দিয়ে আসর শেষ করেন মেসি।

নিজেদের শেষ ম্যাচে আলাভেসকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। ম্যাচে মেসি জোড়া গোল করেন। সঙ্গে একটি অ্যাসিস্ট। লা লিগার ২০১৯-২০ মৌসুমে ২১ অ্যাসিস্ট করে জাভিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েন এলএমটেন।

আসরের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন মেসি। রেকর্ড সপ্তমবারের মতো লা লিগায় গোল্ডেন বুট বা পিচিচি ট্রফি জিতলেন বার্সা অধিনায়ক।

এবারের লিগে মেসির পা থেকে এসেছে ২৫ গোল। ২১ গোল করে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।

এর আগে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের তেলমো জারার ৬বার গোল্ডেন বুট জয়ের কীর্তি ছিল। ১৯৪৫ থেকে ১৯৫৩ সালের মধ্যে মোট ছয়বার পিচিচি ট্রফি জিতেছিলেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড।

সেটিতে আগেই ভাগ বসিয়েছিলেন মেসি। এবার ছাড়িয়ে গেলেন। সবশেষ চার মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্ব দেখালেন মেসি। তৃতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি তার।