কলেজের নামকরণ: আন্দোলনে বরিশাল শিক্ষা বোর্ডের কর্মচারীরা

সরকারি বরিশাল কলেজের নামকরণ অশ্বিনী কুমারের নামে করার সরকারি প্রস্তাবনার বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষা বোর্ডের কর্মচারীরা।

সোমবার সকালে অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী সংঘের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একাংশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বোর্ডের কর্মচারীরা এ মানববন্ধন করেন। পরে ব্যানারটি শিক্ষা বোর্ড ভবনের দেয়ালো টানানো হয়।

শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা জানান, সরকারি কোনো প্রস্তাবনার বিরুদ্ধে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের সুযোগ নেই। বোর্ডের কর্মচারীদের আন্দোলন ধোঁয়াশা তৈরি করছে।

বরিশাল শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘বোর্ডের কর্মচারী ইউনিয়নের কমিটির মেয়াদ অনেক আগে শেষ হয়েছে। বর্তমানে দুটি গ্রুপ পদপদবি পেতে চেষ্টা করছে। এদেরই একাংশ সিটি মেয়রের আস্থাভাজন হতে নামকরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস জানান, আন্দোলনের বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। তবে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

গত ফেব্রুয়ারিতে সরকারি প্রস্তাবনার পর বরিশাল কলেজকে অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর এ সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে আন্দোলন করে আসছেন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।