বেশ কিছুদিন ধরেই ফুটবলাররা ঘরোয়া ফুটবল মৌসুম দ্রুতই চালু করার দাবি জানিয়ে আসছেন। এনিয়ে কয়েক দফা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বৈঠকও করেন তারা। ফুটবলারদের সবার মনের চাওয়াটা আরেকবার উচ্চারিত হলো জাতীয় দলের ডিফেন্ডার ওয়ালি ফয়সালের কণ্ঠে।
ক্লাবগুলোকে লিগ শুরুর অনুরোধ করার পাশাপাশি বাফুফের প্রতিও একটি অনুরোধ তার। লিগের আগে বিদেশিদের ছাড়া একটি টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ জানিয়েছেন তিনি।
করোনাভাইরাসের কারণে মার্চ থেকে দেশে সব ধরনের ফুটবল কার্যক্রম স্থগিত রয়েছে। ওই সময় প্রিমিয়ার লিগ চলছিল। পরে লিগসহ পুরো মৌসুমই বাতিল করে বাফুফে।
ওয়ালি ফয়সাল বলছেন, ‘আমি চাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ দ্রুত শুরু হোক। মহামারির কারণে অন্যান্য দেশের ফুটবল স্থবির হয়ে পড়েছিল, তবে এখন তারা আবার শুরু করছে। আমরা বিপিএল খেলোয়াড়রা প্রায় চার-পাঁচ মাস যাবৎ ফুটবলের বাইরে আছি। আমরা এখন ফুটবলে ফিরতে চাই, আমরা বিপিএলে ফিরতে চাই।’
ক্লাবগুলোর প্রতি তাই ওয়ালির অনুরোধ, ‘আমি অংশগ্রহণকারী ক্লাবগুলোকে অনুরোধ করব- আপনারা লিগ শুরু করুন।’
বাফুফের প্রতি শুধু দেশিদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ করে বলেন, ‘আমি ফেডারেশনকে অনুরোধ করব লিগ শুরু করার আগে বিদেশি খেলোয়াড়দের ছাড়া একটি টুর্নামেন্টের ব্যবস্থা করুন, এতে আমাদের স্থানীয় খেলোয়াড়রা লিগ ও জাতীয় দলের জন্য তাদের পারফরম্যান্সকে আরো উন্নত করতে পারবে।’