এক ঝলকে

সাংহাই ফিল্ম ফেস্টিভ্যালে অপি করিম

দেড় দশক পর চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের মেধাবী অভিনেত্রী অপি করিম। নাম ‘মায়ার জঞ্জাল’। এটি কলকাতার ছবি। পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। ছবিতে অপি করিমের বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ‘মায়ার জঞ্জাল’ মুক্তি পাওয়ার কথা ছিল মাস দুয়েক আগে। কিন্তু তার আগেই সারা বিশ্বে করোনা মহামারী হানা দেওয়ায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। নতুন খবর হচ্ছে, কলকাতায় মুক্তির আগেই অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘মায়ার জঞ্জাল’ প্রদর্শিত হতে চলেছে চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিটির বাংলাদেশি প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘উৎসবে এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে আমাদের ‘মায়ার জঞ্জাল’। এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডস বিভাগের প্রধান ই-মেইলে খবরটি নিশ্চিত করেছেন। এরপর ডিসিপি ডেলিভারিসহ অন্যান্য আনুষ্ঠানিকতার পেছনে বেশ ব্যস্ততা গেছে। আমরা খুব আনন্দিত, ‘এ’ গ্রেডের তালিকাভুক্ত একটি উৎসবে আমাদের ছবিটির প্রিমিয়ার হতে যাচ্ছে।’ আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে এই উৎসব। করোনার কারণে এ আসরে এবার কোনো আন্তর্জাতিক জুরিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। শুধু সংক্ষিপ্ত তালিকায় থাকা ছবিগুলোই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড অফিশিয়াল সিলেকশন হিসেবে ঘোষণা করা হয়েছে। আসরে সাধারণত সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্যকার ও সেরা চিত্রগ্রাহক বিভাগে পুরস্কার দেওয়া হয়। কিন্তু এবার অফিশিয়াল সিলেকশন হিসেবে সম্মান জানানো হচ্ছে নির্বাচিত প্রতিটি ছবিকে।

করোনা রুখতে শাহরুখের দ্বারস্থ পুলিশ

করোনাভাইরাস ঠেকাতে বেশ বেগ পেতে হচ্ছে ভারতীয় প্রশাসনকে। বিশেষ করে মানুষের অসচেতনতার কারণে এটি আরও দ্রুত ছড়াচ্ছে। এই সমস্যা সমাধানে এবার দেশটির আসাম রাজ্য পুলিশ বলিউড কিং শাহরুখ খানের দ্বারস্থ হলো। তবে তা একটু ভিন্নভাবে। মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে রাজ্য পুলিশ তাদের টুইটারে শাহরুখ খানের সিগনেচার পোজটি ব্যবহার করেছে। সেটিতে তারা একটু ভিন্নতাও এনেছে। কিং খানের দুই হাত ছড়িয়ে দাঁড়ানোর সেই আইকনিক পোজের একটি ছবিতে মুখে মাস্ক পরিয়ে দুই হাতের দূরত্ব ৬ ফুট দেখিয়ে সেটি পোস্ট করা হয়েছে পুলিশের অফিশিয়াল টুইটার পেজে। পাশাপাশি পোস্টটিতে ব্যবহার করা হয়েছে শাহরুখ অভিনীত ‘বাজিগর’ ছবির সংলাপ। সেখানে লেখা, ‘সামাজিক দূরত্ব জীবন বাঁচাতে পারে... ঠিক যেমন এসআরকে বলেন, কাভি কাভি পাস আনে কে লিয়ে কুছ দূর জানা পড়তা হ্যায়... অউর দূর যাকার পাস আনে ওয়ালে কো বাজিগর কহতে হ্যায়। ৬ ফুট দূরে থেকে বাজিগর হন!’

নিলামে ডিক্যাপ্রিও-পিটের গাড়ি দুটি

হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও ব্র্যাড পিট অভিনীত ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমায় দুটি গাড়ি ব্যবহার হয়েছে। পর্দা কাঁপানো সেই গাড়ি দুটি এবার নিলামে উঠছে। শুধু গাড়ি দুটিই নয়, ৮৫০টি জিনিস এই নিলামে তোলা হবে। আসছে ২৬ ও ২৭ আগস্ট লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান প্রপ স্টোর এই নিলামের আয়োজন করেছে। অনলাইনেও নিলামে অংশ নেওয়ার ব্যবস্থা থাকছে। ধারণা করা হচ্ছে, লিওনার্দো ডিক্যাপ্রিওর ব্যবহৃত ক্যাডিলাক গাড়িটি ৪৫ হাজার থেকে ৫৫ হাজার ডলারে বিক্রি হতে পারে। আর ব্র্যাড পিটের ভক্সওয়াগেন গাড়িটির দাম উঠতে পারে ২০ হাজার থেকে ৩০ হাজার ডলার পর্যন্ত। গাড়ি দুটি ছাড়াও নিলামে উঠেছে ‘স্পেসবলস’ সিনেমার জন ক্যানডির কস্টিউম, ‘রকি’ সিনেমায় ব্যবহৃত গ্লাভস, ‘দ্য গডফাদার’ সিনেমায় মাইকেল কর্লিওনের মিয়ামি স্যুট, ‘টপ গান’ সিনেমায় টম ক্রুজের ব্যবহৃত ফাইটার পাইলট হেলমেট, জেনিফার লরেন্সের ‘দ্য হাঙ্গার গেমস’ সিনেমার কস্টিউম।

শ্যুটিং সেটে অসুস্থ জাহিদ হাসান

লকডাউনের পর নাটকের কাজ শুরু হলে নিয়মিত কাজ করছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ঈদে বাড়িতে সময় কাটবে মানুষের। তাদের বিনোদনের কথা মাথায় রেখে নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শ্যুটিং সেট ছাড়তে হয়েছে তাকে। করোনার উপসর্গ থাকায় কিছুটা ঘাবড়েও গেছেন তিনি। তবে করোনা পরীক্ষায় তার ফল নেগেটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শে তিনি এখন বাড়িতে স্বেচ্ছা ঘরবন্দি। ঈদের সব শ্যুটিং আপাতত বন্ধ করে দিয়েছেন জাহিদ হাসান। তিনি বলেন, ‘সেদিন শ্যুটিংয়ের সময় একটু শরীর খারাপ লাগছিল। তখন সেভাবে কাউকে বুঝতে দিইনি। আমি কাজ না করলে নির্মাতা ফেঁসে যাবেন। সেভাবেই কাজ শেষ করে রাতে বাসায় ফিরি। তারপর প্রচ- জ্বর আসে, শরীর কাঁপতে থাকে, সঙ্গে ঠা-া। যেহেতু চারদিকে করোনা, সে জন্য নিজের মধ্যেও করোনা নিয়ে কিছুটা ভয় ছিল। পরে করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট এসেছে।’