মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য পর্তুগালের মানবাধিকার বিষয়ক গুলবেনকিয়ান ফাউন্ডেশন পুরস্কার জিতেছেন পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ। সেখান পাওয়া ১১ লাখ ডলার পরিবেশ সংরক্ষণে আন্দোলনে থাকা কয়েকটি সংগঠনে দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই সুইডিশ টিনএজার।
সোমবার পর্তুগিজ গুলবেনকিয়ান ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত সংকট মোকাবিলার লড়াইয়ে অবদান রাখায় গ্রেটাকে পুরস্কারটির জন্য নির্বাচিত করা হয়েছে।
এমন খবরে উচ্ছ্বসিত গ্রেটা টুইটারে লিখেছেন, “এটা আমার জন্য অনেক সম্মানের। আমি আশা করি, এটা আমাকে বিশ্বে আরও ভালো কিছু করার জন্য সহায়তা করবে।”
১৭ বছর বয়সী গ্রেটাই পর্তুগিজ গুলবেনকিয়ান ফাউন্ডেশনের পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তি হতে যাচ্ছেন। ৪৩টি দেশের ১৩৬ নমিনি থেকে নির্বাচিত করা হয়েছে তাকে। জুরি বোর্ডের প্রধান হোর্হে সাম্পাইও বলেছেন, বোর্ডের অধিকাংশ সদস্যই গ্রেটা থুনবার্গের পক্ষে ভোট দিয়েছেন।
এত বড় অঙ্কের অর্থের পুরস্কার এর আগে পাননি গ্রেটা। এক ভিডিও পোস্টে তিনি বলেন, “অর্থের অঙ্কটা আমার কল্পনার থেকেও বেশি। তবে সমুদয় অর্থ দান করে দেওয়া হবে। আমার ফাউন্ডেশন, বিভিন্ন সংগঠন ও প্রকল্পের মাধ্যমে, যারা সামনের সারিতে থেকে জলবায়ু পরিবর্তনের কারণে ও পরিবেশগত সংকটে ভোগান্তিতে পড়া মানুষজনকে সহায়তার জন্য কাজ করে যাচ্ছে।”
গ্রেটা জানান ব্রাজিলের পরিবেশবাদী সংগঠন ‘ফ্রাইডেস ফর ফিউচার ব্রাজিল’ পরিচালিত ‘এসওএস আমাজোনিয়া’ ক্যাম্পেইনকে ১ লাখ ইউরো দান করবেন। এক লাখ ইউরো দেবেন স্টপ ইকোসাইড ফাউন্ডেশনকে।
এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পুরস্কার ও ‘বিকল্প নোবেল’ হিসেবে বিবেচিত সুইডিশ রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড জেতেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা।
চলতি বছরের এপ্রিলে ডেনিশ এক ফাউন্ডেশন থেকে পুরস্কার হিসেবে পাওয়া ১ লাখ ডলার মূল্যের একটি পুরস্কার করোনাভাইরাসের কারণে সংকটে পড়া শিশুদের সহায়তায় দান করে দেন তিনি।